দোহার (ঢাকা): আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার দোহার উপজেলার প্রতিভাবান ইসলামী নাশিদ শিল্পী আবু বকর ফাহিমের নতুন নাশিদ ‘এলো খুশির ঈদ’ মুক্তি পেয়েছে। জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম Note Film Studio-তে নাশিদটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
নাশিদটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়াহিদুজ্জামান। পুরো প্রজেক্টের বিভিন্ন ধাপে একঝাঁক তরুণ ও মেধাবী কলাকুশলী কাজ করেছেন।
নাশিদটির কথা লিখেছেন আশিক ইসলাম এবং সুর করেছেন আবু বকর। সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন সুফিয়ান সাকী। ভিডিও চিত্রায়ণ করেছেন সায়েম আহমাদ শরীফ।
প্রধান শিল্পী আবু বকর ফাহিমের পাশাপাশি নাশিদটিতে কণ্ঠ দিয়েছেন ওয়াহিদুজ্জামান, নাঈম আহমাদ, আবু বকর ও ইসরাফিল।
মুক্তির পর থেকেই নাশিদটি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর লিরিক ও ভিডিওর প্রশংসা করছেন। ঈদের উৎসবের আমেজকে ইসলামী ভাবধারায় তুলে ধরার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শ্রোতারা।
শিল্পী আবু বকর ফাহিম বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমরা অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। নাশিদটি শুনে আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

