সর্বশেষ :
20 Oct 2026, Tue

নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধার হাত ভেঙে দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধার হাত ভেঙে দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জে শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর পূর্ব বেপারীপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগী বেদেনা বেগমের ছেলে মো. রানা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের বাসিন্দা দেলু বেপারী, ইফাত হোসেন, মো. জাহিদ ও ইরিনা আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুদের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মো. রানার ছেলে মো. ইউসুফ (০৮) ও তাঁর ভাগিনা মো. মুসা (০৮)-কে মারধর করেন অভিযুক্তরা। শিশুদের চিৎকার শুনে রানার মা বেদেনা বেগম, স্ত্রী রোজিনা আক্তার, চাচি মিনু আক্তার ও ছোট বোন লাখী আক্তার তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে তাঁদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা লাঠিসোঁটা ও এসএস পাইপ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বেদেনা বেগম গুরুতর আহত হন। বৃদ্ধার পরিবারের দাবি, হামলাটি ছিল অত্যন্ত নৃশংস।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেদেনা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতে তাঁর হাতের কবজি ভেঙে গেছে এবং কোমরেও মারাত্মক চোট পেয়েছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত পরিবারের অন্য সদস্যরা স্থানীয় বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, গুরুতর আহত বেদেনা বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *