ঢাকা: পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি তিনি সরকারকে আইনি নোটিশও দেন।
নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদ উল্লেখ করে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক দাবি করা হয়।
নোটিশে আরও বলা হয়, রোজার সময় কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট ও ধর্মীয় চর্চায় ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি রমজানে স্কুল চালু থাকলে শহরে যানজট বাড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়। নোটিশের জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয়।

