উত্তম কুমার সাহা (গাইবান্ধা): পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের একটি এতিমখানা ও মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছেন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ও মানবিক সৈনিক মো. আব্দুল হান্নান।
শনিবার (৩১ জানুয়ারি) তিনি নিজ উদ্যোগে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের আল হাসানাইন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র পেয়ে খুদে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়। এ মানবিক কাজে এগিয়ে আসার জন্য তারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুল হান্নানের জন্য মন খুলে দোয়া করেন এবং ভবিষ্যতেও যেন তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন- সে কামনাও করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল হাসানাইন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মাকসুদুল ইসলাম, সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন (রঞ্জু)।
মানবিক সৈনিক মো. আব্দুল হান্নান জানান, এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি ৭নং ওয়ার্ডবাসী, ইউনিয়নবাসীসহ সকলের দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেন।

