আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলার উত্তরের শেষ প্রান্তে দিনাজপুর জেলা-সংলগ্ন পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আঙ্গড়া গ্রামের মোঃ আমিনুর ইসলাম (আমু মেম্বার) বর্তমানে একজন সফল আলু চাষী হিসেবে পরিচিত। তিনি কয়েক বছর ধরে এলাকার জনপ্রতিনিধি হিসেবে স্থানীয়দের বিভিন্ন সেবামূলক কাজ করার পাশাপাশি আলু চাষেও সফলতা অর্জন করেছেন।
অনেক আগে থেকেই জনপ্রতিনিধির দায়িত্বের পাশাপাশি আমু মেম্বার “দুই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামে একটি ক্ষুদ্র কারখানা পরিচালনা করে আসছেন। এ কারখানায় তিনি নিয়মিত ধান কাটা ও মাড়াই মেশিন তৈরি করে স্বল্পমূল্যে এলাকার কৃষকদের কাছে বিক্রি করছেন। এছাড়া তিনি ধান, গম, ভুট্টা, হলুদ ও মরিচ ভাঙার মিল স্থাপন করেছেন উপজেলার মাঝিনা বাজারের পূর্বে চার মাথা মোড়ে। ফলে গ্রামীণ জনপদের মানুষ শহরের সুযোগ-সুবিধা দোরগোড়ায় পাচ্ছে বলে উপকারভোগীরা মন্তব্য করেন।
উপজেলার মাঝিনা-আঙ্গড়া মাঠে সরেজমিনে দেখা যায়, আমু মেম্বার নিজের ও অন্যের জমি লিজ নিয়ে এক দাগে প্রায় ৬০ বিঘা জমিতে আলু চাষ করেছেন।
উপজেলা কৃষি অফিসের পরামর্শে জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি তিনি ধান কাটা ও মাড়াই মেশিন তৈরি এবং কৃষকদের নিত্যপ্রয়োজনীয় ধান, গম, ভুট্টা ও হলুদ ভাঙার কাজের সঙ্গে চলতি বছর আলু চাষ শুরু করেন।
আমু মেম্বারের “দুই ভাই সিড এগ্রো ফার্ম”-এর ম্যানেজার ফরিদুল ইসলাম জানান, ফার্মে চলতি বছর ডায়মন্ড, কার্ডিনাল, গ্রানুলা, সানসাইন, ভ্যালেনসিয়া, বারি আলু-৮৬, মিউজিকা, আটলান্টিক ও লাল-সাদা পাকড়ি জাতের আলু চাষ করা হয়েছে। তিনি আরও জানান, খাবার আলুর পাশাপাশি ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের উন্নতমানের বীজ আলু চাষ করা হয়েছে।
তার মতে, প্রতি বিঘা জমিতে আলু রোপণ থেকে উত্তোলন পর্যন্ত সার, কীটনাশক, বীজ ও শ্রমিকসহ খরচ পড়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তবে বীজ আলুর ক্ষেত্রে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। জমিতে যেভাবে আলুর গাছ বাতাসে দোল খাচ্ছে, তাতে আশা করা যাচ্ছে বীজ আলু প্রতি বিঘায় ৬০ থেকে ৬৫ মন এবং খাবার আলু ৯০ থেকে ১০০ মন পর্যন্ত উৎপাদন হবে।
আলুর ন্যায্যমূল্য পাওয়া গেলে ভালো লাভ হবে বলে জানান সফল আলু চাষী আমু মেম্বার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় ৮ হাজারের অধিক হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। তিনি আরও জানান, উপজেলা কৃষি অফিস আলু চাষিদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে।

