বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও শান্তিপূর্ণ করতে ৬৮টি বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্রসহ ৪২০ রাউন্ড কার্তুজ জমা নেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি থেকে গত ১১ দিনে বেসরকারি অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জমা নেন।
তিনি জানান, এ উপজেলায় মোট ১০০টি বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে ৪২০ রাউন্ড কার্তুজসহ পুলিশ হেফাজতে জমা পাওয়া গেছে ৬৮টি। এর মধ্যে রয়েছে-একনালা বন্দুক ৫৩টি, দোনালা বন্দুক ৫টি, পিস্তল ৪টি, রিভলভার ১টি, রাইফেল ১টি ও শটগান ৪টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও শান্তিপূর্ণ করতে গত ১৮ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় বেসরকারি আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানার হেফাজতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে এসব অস্ত্র পুলিশের কাছে জমা হয়। এ ছাড়া উপজেলায় বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২০টি আগ্নেয়াস্ত্র।
সূত্রমতে, অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের ২০টি অস্ত্রসহ মোট ৮৮টি আগ্নেয়াস্ত্রের তথ্য পাওয়া গেলেও অবশিষ্ট ১২টি অস্ত্র থানায় জমা হয়নি। তবে অন্যান্য থানাতেও অস্ত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময় রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট ১২টি আগ্নেয়াস্ত্র জমা হবে।

