লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় এক ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। প্রেমের অভিনয় ও প্রলোভন দেখিয়ে জামাল মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তাহমিনা, তার স্বামী হেলালসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া প্রায় দেড় বছর আগে কাজের সন্ধানে ইয়াংছা বাজারে আসেন। সেখানেই তাহমিনার সঙ্গে তার পরিচয় হয়। তাহমিনা সুকৌশলে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের গভীরতার সুযোগ নিয়ে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে গত কয়েক মাসে ধাপে ধাপে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। অভিযোগ রয়েছে, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে তাহমিনার স্বামী হেলাল ও তাদের একটি ঘনিষ্ঠ চক্র সক্রিয়ভাবে সহায়তা করেছে।
ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময়ে ৯-১০ লাখ টাকা নেওয়ার পরও গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তাকে তাহমিনার স্বামী হেলাল, সাগর, শাহাবুদ্দিন, আজিজ ও লুৎফুর জোরপূর্বক চকরিয়া থেকে সিএনজিযোগে তুলে নিয়ে আসে। পরে তাকে মারধর করে বিকাশের মাধ্যমে জয়নালের দোকান থেকে ৪০ হাজার টাকা আদায় করা হয়।
এ ঘটনার পর তাহমিনা ও তার স্বামী হেলাল নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী জামাল মিয়া বলেন, পরিকল্পিতভাবে আমাকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছে। প্রথমে বিশ্বাস অর্জন করে পরে আমার সারাজীবনের সঞ্চয় আত্মসাৎ করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এই চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইয়াংছা বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ বিষয়ে মুঠোফোনে তাহমিনার স্বামী হেলাল টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এলাকার সবাই এই ঘটনা জানে। তবে আমরা মীমাংসা করে ফেলেছি।

