ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিইআইএমইউ, শিক্ষা ভবনের মহাপরিচালক তসলিমা আক্তার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
মতবিনিময় সভার মুক্ত আলোচনায় তিন পার্বত্য জেলার প্রধান শিক্ষকরা পাহাড়ি অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পাঠদানে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেসব বিষয় তুলে ধরেন। পাশাপাশি পাহাড়ি এলাকায় শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে তাদের গঠনমূলক মতামত ব্যক্ত করেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পাহাড়ে সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে উন্নয়ন সম্ভব, তা আপনারা তুলে ধরেছেন। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাহাড়ি অঞ্চলের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। পাহাড় ও সমতলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য যেন এক হয় এবং আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে পারে—সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এতে দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার শিক্ষকরা অংশগ্রহণ করেন।

