আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): প্রায় পাঁচ হাজার মাইল দূরে লন্ডনে অবস্থান করেও স্বদেশপ্রেম ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সন্তান মো. আলীম আল রাজী। তিনি যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন এবং সে দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন কর্মী। এ কারণে কলেজ জীবন থেকেই শহীদ জিয়ার হাতে গড়া ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্যে প্রবাস জীবনেও সংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আল রাজী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউকে অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং একই সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বৃহত্তর বগুড়া অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এত কর্মব্যস্ততা ও বহু দূরদেশে অবস্থান করেও নিজের জন্মভূমির গরিব, অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের কথা ভোলেননি তিনি। শীত মৌসুমে এসব মানুষের কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করেন।
শুক্রবার রাতে মানবিক এই ব্যক্তির উদ্যোগে দেওয়া শীতবস্ত্র পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এবং উচাই বাজারে অবস্থিত একটি এতিমখানার কোরআন শিক্ষা গ্রহণকারী এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহায়তা করেন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার মেহেদী হাসান, সাবেক ফুটবলার আরিফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম এবং মনিরুজ্জামান মঞ্জু।

