ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন- দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সভা শুরুর আগে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গণভোট সম্পর্কিত একটি রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়। এতে গণতন্ত্র রক্ষায় গণভোটে অংশগ্রহণের জন্য দেশের জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হয়েছে। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমেই এ দেশের পরিবর্তন আসবে। একই সঙ্গে ‘হ্যাঁ’ ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের মুক্ত মতামত প্রকাশ করতে পারবে।
তিনি আরও বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যেতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং খাগড়াছড়ি জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়েছে। দেশের গণতন্ত্র রক্ষায় নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে আক্ষেপ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট প্রয়োগের মাধ্যমে দেশে অভূতপূর্ব পরিবর্তন আসবে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

