মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় আবির শেখ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নূরুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার আমির সাকিল আহমেদ কাজল, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, মো. সালাহ উদ্দিন, মো. সাহেদ মিয়া (মেম্বার), মো. আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. খসরু, মো. চন্দন, মো. মোশাররফ হোসেন (শিক্ষক)সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ছিলেন।
তিনি ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

