ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় লোহার ভাঙারি ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১০ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে শরীয়তপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের নিরবচ্ছিন্ন অভিযানের ধারাবাহিকতায় এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় পূর্বশত্রুতার জেরে রাজু ওরফে বাঘা রাজু (৩০)সহ কয়েকজন আসামি ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আসামিরা বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং ০৮, তারিখ ৭ জানুয়ারি ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ২০০৮-এর ধারা ৩।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্প ও র্যাব-৮-এর যৌথ আভিযানিক দল ৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন হারেজপুর এলাকা থেকে এজাহারনামীয় আসামি রাজু ওরফে বাঘা রাজু (৩০), পিতা- মো. হারুন, সাং- কুদারবাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন মাওডুবা এলাকা থেকে অপর এজাহারনামীয় আসামি মো. হারুন ওরফে টাকলা হারুন (৫৫), পিতা- মৃত মুন্নাফ মল্লিক, সাং- কুদারবাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

