মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটি কথাই বলেছেন। তিনি আজকে নয়, এই ফ্যাসিবাদের পতনের পরেই নয়- বরং ২০২০ ও ২০২২ সাল থেকেই একটি বিষয় বারবার বলে আসছেন।
তিনি বলেন, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। সেই নির্বাচনের মাধ্যমে যদি জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমর্থন দেয়, ম্যান্ডেট দেয় এবং যদি দেশের জনগণ বিএনপিকে ২৫০টির বেশি আসনে নির্বাচিত করে, তারপরও তারেক রহমান বলেছেন- তিনি দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন।
দুলু আরও বলেন, যাদের সংখ্যা হয়তো কমও হতে পারে, কিন্তু দেশ পরিচালনার জন্য যারা যোগ্য ও অভিজ্ঞ- তাদের সঙ্গে নিয়েই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন।
তিনি শুক্রবার (০৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ সরকারের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সম্প্রীতি সমাবেশ এবং নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্য ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নূর হোসেন সুমন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, নাটোর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগসহ বিএনপি ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

