উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৪তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা প্রমুখ।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

