ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): বেগম খালেদা জিয়া-র পারলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি ইয়ংড বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের আয়োজনে বৌদ্ধ মন্দিরে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনায় খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের নেতা ও খাগড়াছড়ি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর নেতৃত্বে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এতে বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অপরদিকে, খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে খাগড়াছড়ি জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

