ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে এ বছর বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা নতুন বছরের নতুন বই পেয়ে বেশ উচ্ছ্বসিত ও খুশি। শিক্ষার্থী আনাস মাহমুদ ও মো. মনাফ জানায়, নতুন বছরের প্রথম দিনেই তারা নতুন বই পেয়েছে। নতুন বই পেয়ে তাদের দারুণ ভালো লাগছে। নতুন বই পেয়ে তাদের মতো অন্য শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ও আনন্দিত।
সন্তানের সঙ্গে অভিভাবক মা আনুচিং মারমা সন্তোষ প্রকাশ করেন। তিনি বর্তমান সরকার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
সকালে সরেজমিনে শহরের পাঁচটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে। বিদ্যালয়গুলো হলো খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি টিএনটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়।
এসব প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সব বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ বছর তারা শতভাগ নতুন বই পেয়েছেন। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার বইও পেয়েছেন। এ বছর বেশিরভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পেরেছেন তারা।
শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এ বছর তাদের বিদ্যালয়ের জন্য নতুন বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার বইসহ শতভাগ বই পাওয়া গেছে। এরই মধ্যে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০ শতাংশ বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ও আনন্দিত।
বর্তমান সরকার চায় কোনো শিশুই যেন শিক্ষার অধিকার থেকে ঝরে না পড়ে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। একদিন তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং দেশের জন্য কাজ করে যাবে।

