মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আগামী দিনে আবার ঘটবে। যে অপসংস্কৃতি ও ভিনদেশি প্রভাব বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, গান-বাজনা ও ঐতিহ্যকে ধ্বংস করেছে, সেখান থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ, আমাদের নেতা তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবারও সংঘটিত হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, গান-বাজনা ও ঐতিহ্য তারেক রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ আবার ফিরে পাবে- এ বিষয়ে আমি আশ্বস্ত করছি। তারেক রহমান যে উন্নয়ন ও শান্তির পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, সেই শান্তিপূর্ণ উন্নয়নের যাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাসাসকে এগিয়ে নেবেন- এটাই আজ আপনাদের কাছে আমার আহ্বান।
শনিবার বিকেলে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, জাসাস নাটোর জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান, সদস্য সচিব আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

