দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মালিকান্দা এলাকার বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক হোসেন আলী তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে মালিকান্দা এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পেশাগত জীবনে হোসেন আলী তালুকদার মালিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অত্যন্ত জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে দোহার উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
শনিবার বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে এই বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুন্নবি, বীর মুক্তিযোদ্ধা জোলহাস উদ্দিন ও উপজেলা কৃষকদলের সভাপতি কাজী রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা কবরস্থানে তাকে দাফন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তায়ালা যেন পরিবারটিকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

