সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে সিএনজি থামিয়ে ডাকাতির অভিযোগ

কুলিয়ারচরে সিএনজি থামিয়ে ডাকাতির অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভৈরব থেকে কুলিয়ারচরগামী একটি সিএনজিতে এ ডাকাতির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার খড়কমারা গ্রামের মো. হালিম মিয়ার ছেলে শ্রাবণ ওরফে গালিব (১৮) এবং তার চাচাতো ভাই জুনাইদ (১২) সিএনজিতে ভৈরব থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল ডাকাত সিএনজিটি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ কিছু মালামাল ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা সড়কে থাকা টহল পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের বাড়ি পৌঁছাতে সহযোগিতা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ওই এলাকায় সন্ধ্যার পর প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় মামলা করতে চান না। এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে তারা দাবি করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী-কে ওই দিন রাতেই অবগত করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে টহল পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *