ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে প্রথমবারের মতো কবিতায় বিজয় উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদ-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা পার্বত্য জেলা খাগড়াছড়িতে এমন একটি আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কবিদের চিন্তা-চেতনা গভীর। তাঁদের কবিতার প্রতিটি চরণ অগ্নীবীণার মতো ছন্দে ছন্দে দিকনির্দেশনামূলক পরামর্শ বহন করে, যা বাস্তব জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তাই নতুন প্রজন্মের তরুণদের কবিতা লালন করার আহ্বান জানান তিনি এবং প্রতি বছর এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদ-এর সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আ.বা.ম. সালাহউদ্দিন, মুক্তিযোদ্ধা ও কবি আশরাফ মির্জা, কবি কামরুজ্জামান এবং খাগড়াছড়ি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল।
দিনব্যাপী কবিতায় বিজয় উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের সদস্যবৃন্দ এবং খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

