ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হচ্ছে। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে—এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বরং জামায়াতে ইসলামী বাংলাদেশর সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। তিনি বলেন, এই জোটের মাধ্যমে “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে” এবং এনসিপি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হবে।
আব্দুল কাদেরের দাবি, আসন সমঝোতায় এনসিপি ৩০টি আসন পাবে এবং বাকি ২৭০ আসনে প্রার্থী দেবে না। জোটের আওতায় প্রতিটি আসনের জন্য এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনী খরচ দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রার্থী চূড়ান্তের দায়িত্বে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে বলে তিনি জানান।

