সর্বশেষ :
19 Oct 2026, Mon

দীঘিনালায় কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপন

দীঘিনালায় কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্যোগে মাঠ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলার বানছড়ামুখ হেডম্যান পাড়ার কৃষকদের নিয়ে মাঠ দিবস উপলক্ষে বিষমুক্ত কৃষি চাষ ও পরামর্শমূলক অভিজ্ঞতা তুলে ধরা হয়।

এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ব্যবস্থাপক স্যুইচিঅং মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

মাঠ দিবসে মুক্ত আলোচনায় কৃষক ইমেচ চাকমা ও তুহিনা চাকমা বলেন, তৃণমূল উন্নয়ন সংস্থা থেকে বাস্তব প্রশিক্ষণ নিয়ে প্রকৃতি থেকে নিম গাছের রস, লতাপাতা ও গোবর ব্যবহার করে জৈব সার প্রস্তুত করে তারা নিজেদের জমিতে প্রয়োগ করছেন। এ পদ্ধতিতে কোনো কীটনাশক ব্যবহার না করায় খরচ অনেকাংশে কম হচ্ছে। ফলনও ভালো হচ্ছে এবং উৎপাদিত সবজির বাজারে ভালো চাহিদা রয়েছে।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আজ সরেজমিনে এসে মাঠ দিবসে আপনাদের কৃষি জমি পরিদর্শন করলাম। যা দেখলাম, আপনারা সম্পূর্ণ বিষমুক্ত প্রাকৃতিক উপায়ে চাষ করছেন। কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে গোবর ও গাছের নির্যাস থেকে জৈব সার, ভিটামিন ও সেক্স ফেরোমন ওষুধ তৈরি করে ব্যবহার করছেন। এতে একদিকে মানবজীবনে স্বাস্থ্যঝুঁকি কমছে, অন্যদিকে মানুষ বিষমুক্ত সবজি খেয়ে শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারছে। আপনাদের দেখে আশপাশের আরও অনেক কৃষক এ চাষ পদ্ধতিতে উদ্বুদ্ধ হবেন।

মাঠ দিবসে দীঘিনালা বানছড়ামুখ হেডম্যান পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের কৃষকরা অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *