সর্বশেষ :
20 Oct 2026, Tue

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী বীর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “শরীফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতীক হয়ে থাকবে। দেশের মানুষ আর এসব নৃশংসতা মেনে নেবে না।”

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ রাজিব, ফাহিম আহমেদ, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক মো. আরীফুল ইসলাম এবং সদস্য সচিব মো. পারভেজ মিয়া।

মিছিলে ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *