নাটোর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে নাটোরের কানাইখালী এলাকায় সড়ক অবরোধ করে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত ৩৬ জুলাই স্মৃতি সৌধের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা রবিন আহমেদ, ইসতিয়াক আহমেদ, রাজু আহমেদ, রাফিউলসহ অন্যান্য জুলাই যোদ্ধারা।
সমাবেশে বক্তব্য রাখেন ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ভারতের প্রেসক্রিপশনে চলবে না। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণই নিয়ন্ত্রণ করবে। যে সকল খুনি ভারতে অবস্থান করছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে হাদিকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। অস্ত্রোপচারের পর সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাদি মৃত্যুবরণ করেন।

