পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখল ও বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের উপায় হিসেবে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে উভয় পরিবারের মধ্যে সমাধানের পথ বের করে দেয়। গত সোমবার দুপুরে উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল খায়েরের পুত্র আবু ইউসুফের সঙ্গে ৫৬ শতক জমি নিয়ে মৃত মিজানুরের পুত্র সামছুল আলম, বেলায়েত হোসেন, নাসিমা বেগম এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানিহারার রফিকুল ও মনোয়ারা বেগমের সঙ্গে বিরোধ চলছে। এর জেরে প্রতিপক্ষরা গত ১৯ নভেম্বর জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কেটে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে তারা মারধরও করে, যার প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
গত সোমবার আবারো দলবদ্ধ হয়ে জোরপূর্বক জমি দখল করে বেড়া দিতে গেলে জরুরি সেবায় ফোন করে পুলিশ ডাকা হয়। পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। প্রতিপক্ষের সামছুল বলেন, এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। এতদিন তারাই ভোগদখল করে আসছিল; আমরা আমাদের জমি ঘিরে নিচ্ছি।
পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম বলেন, জরুরি সেবার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় পক্ষকে নিজ নিজ কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে। সঠিক কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

