মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় মামুনুর রশিদ নামের ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইকে করে লালপুর উপজেলার ময়না গ্রামের সেনাসদস্য সার্জেন্ট মামুনুর রশিদ লালপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি এলাকায় পৌঁছালে লালপুরের দিকে যাওয়া একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সামনের আসনে বসা সেনাসদস্য মামুনুর রশিদ রাস্তার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বনপাড়া পৌরসভার পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ড্রাম ট্রাকটির অবস্থান জানতে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

