নাটোর প্রতিনিধি: নিয়োগবিধি প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে ১০ দিনের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
প্রথম দিনের কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান ও আবুল হোসাইন এবং পরিবার কল্যাণ সহকারী শেফালী আক্তার।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই তিনটি পদ ছাড়া অন্যান্য সব পদের নিয়োগবিধি রয়েছে। কিন্তু দীর্ঘ ২৬ বছরেও এই তিন পদের নিয়োগবিধি চূড়ান্ত হয়নি- এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
তারা আরও বলেন, নিয়োগবিধি অনুমোদন ও বাস্তবায়ন হলে পদোন্নতি, চাকরির সুবিধা এবং চাকরিতে সুশাসন প্রতিষ্ঠা হবে।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন ঘোষণার পরিকল্পনা রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

