সর্বশেষ :
20 Oct 2026, Tue

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ও গণভোট: ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ও গণভোট: ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা, কালের বার্তা

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

অধ্যাপক ইউনূস বলেন, একই দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন করা হলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, বরং এটি নির্বাচনকে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী করবে। গণভোটের লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

প্রধান উপদেষ্টা গণভোটের ব্যালটে উপস্থাপিতব্য একক প্রশ্নটিও পড়ে শোনান। ভোটাররা একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাদের মতামত জানাতে পারবেন। প্রশ্নটি নিম্নলিখিত চারটি মূল প্রস্তাবের প্রতি সম্মতি জ্ঞাপন জানতে চাইবে:

১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে।

২. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে, যার অনুমোদন সংবিধান সংশোধনের জন্য আবশ্যক হবে।

৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়া সংস্কারগুলো বাস্তবায়নে বিজয়ী দল বাধ্য থাকবে।

৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

যদি গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হয়, তবে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একইসঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। সংস্কারের পর ৩০ কার্যদিবসের মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *