নবাবগঞ্জ: ইয়াবা বিক্রি করতে গিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এবং একই উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকের পর দুই নেতাকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। সেখানে তাদের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতদের মধ্যে মো. রফিকুল ইসলাম (২৮) নবাবগঞ্জ থানার সোনাবাজু গ্রামের বাচ্চু মিয়ার পুত্র এবং মো. আলমগীর হোসেন একই উপজেলার শিকারিপাড়া গ্রামের আকরাম হোসেনের পুত্র। তাদের কাছ থেকে মোট ১৫ (পনেরো) পিস নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর হরিরামপুর উপজেলার নয়ারহাট বাজারস্থ জনৈক নকমুদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
তল্লাশির সময় মো. রফিকুল ইসলামের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামি মো. আলমগীর হোসেনের ট্রাউজারের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো আরও ১০ (দশ) পিসসহ মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, ইয়াবাসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

