মুন্সীগঞ্জ: ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (২৯ অক্টোবর (বুধবার) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। এ ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, কৃষকদের যেকোনো এক ফসলের ওপর নির্ভরতা কমিয়ে মাটির উপযুক্ততা অনুযায়ী বিভিন্ন ফসল চাষ করলে কৃষি পণ্যের উপযুক্ত দাম পাওয়া সম্ভব। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হওয়ার পরামর্শ দেন।

