সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিদ্যালয়ের ছাত্রদের ব্যবহার করে প্রবাসীর বসতভিটা গুঁড়িয়ে দিলেন শিক্ষক

বিদ্যালয়ের ছাত্রদের ব্যবহার করে প্রবাসীর বসতভিটা গুঁড়িয়ে দিলেন শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি: সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফের বিরুদ্ধে শ্রেণিকার্যক্রম বন্ধ রেখে বিদ্যালয়ের ছাত্রদের ব্যবহার করে (বা: লেলিয়ে দিয়ে) তাঁর সহোদর ভাইয়ের বসতঘরে প্রকাশ্যে হামলা ও সীমানার বেড়া গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাবিগো বাড়িতে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, সহকারী শিক্ষক মো. ইউসুফ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে প্রায় শতাধিক শিক্ষার্থীকে তাঁর বাড়িতে ডেকে এনে আপন সহোদর ভাই শহীদ উল্যাহর বসতঘর, রান্নাঘর, শৌচাগার (বা: টয়লেট) ও সীমানা প্রাচীরের টিন ভাঙচুর করেন।

ভুক্তভোগী শহীদ উল্যাহ জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেই সুযোগে তাঁর ভাই ইউসুফ জমি দখল করে রাখেন। সম্প্রতি দেশে ফিরে নিজের জায়গায় বসতঘর নির্মাণ শুরু করলে ইউসুফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে তা গুঁড়িয়ে দেন। পরে শ্রমিক দিয়ে ভিটার মাটিগুলো কেটে অন্যত্র সরিয়ে নেন।

স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের ছাত্রদের এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক মো. ইউসুফ বলেন, গ্রাম্য সালিসে একাধিক বৈঠক করে উভয়ের জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাটি ভরাট করে বসবাস করে আসছেন। কিন্তু কয়েক দিন আগে তাঁর ভাই গ্রাম্য বৈঠক অমান্য করে তাঁর জায়গায় ঘর নির্মাণ করেন। ঘর নির্মাণের বিষয়ে বাধা দিতে গেলে তাঁরা শিক্ষকের ওপর হামলা চালান। শিক্ষক নিরুপায় হয়ে ছাত্রদের খবর দিলে ছাত্ররা এসে সবগুলো স্থাপনা ভেঙে দেয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিক উল্যাহ জানান, ইউসুফ পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার বিষয়ে তাঁকে কোনো লিখিত ছুটি বা অনুমতি দেননি। তবে ইউসুফ মৌখিকভাবে জানানোর কথা বলেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *