ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার (২০ অক্টোবর) বিকাল অনুমান ৫:৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় সফল অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৫ (পনের) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. এরশাদ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এরশাদ হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাঙ্গুরী গ্রামের কবির হোসেনের ছেলে। জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে পূর্বেই একটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের প্রতি র্যাব-১০ দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

