সর্বশেষ :
19 Oct 2026, Mon

কেরানীগঞ্জে ৫টি ট্রাকসহ সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জে ৫টি ট্রাকসহ সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৪টিসহ মোট ৫টি ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (৩৫), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।

রোববার (১০ অক্টোবর) দুপুরে কদমতলী গোল চত্বরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় জাকির হোসেনের গুদাম থেকে মুজিবুর রহমান নামে এক ব্যক্তির একটি ড্রাম ট্রাক চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার সূত্র ধরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। কেরানীগঞ্জ মডেল/দক্ষিণ থানা, সাভার ও যশোর জেলার কোতোয়ালী থানায় এই অভিযান চালিয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের উক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট থেকে চুরি হওয়া ড্রাম ট্রাক সহ মোট ৫টি ট্রাক উদ্ধার করা হয়। জানা গেছে, চোর চক্রটি ইতোমধ্যেই চুরি হওয়া গাড়িগুলোর কিছু কিছু যন্ত্রাংশ পরিবর্তন (মডিফাই) করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রেস ব্রিফিংয়ের সময় ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *