লৌহজং (মুন্সিগঞ্জ): মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪ জন জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে লৌহজং উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ-পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ। তিনি আটককৃত ৪ জন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
অভিযানকালে জব্দ করা প্রায় ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া, জব্দকৃত প্রায় ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সূত্র: উপজেলা প্রশাসন লৌহজং মুন্সীগঞ্জ

