সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইরানে কার্যকর হলো ইসরায়েলি ছয় গুপ্তচরের মৃত্যুদণ্ড

ইরানে কার্যকর হলো ইসরায়েলি ছয় গুপ্তচরের মৃত্যুদণ্ড

ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে এই সাজা কার্যকর হয়। সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা তাদের একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিল। তাদের অপরাধের মধ্যে রয়েছে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা এবং খোররামশাহরে বোমা হামলা চালানো। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

শুধু মৃত্যুদণ্ড কার্যকর নয়, ইরান সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে আরও কঠোর অবস্থান নিয়েছে। গত সপ্তাহে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদী তাহান নাজিফ ঘোষণা করেন যে, গুপ্তচরবৃত্তির শাস্তি বৃদ্ধি সম্পর্কিত বিল এবং অ-সামরিক ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণমূলক খসড়া আইন অনুমোদন পেয়েছে। ফলে এখন থেকে এগুলো আইন হিসেবে কার্যকর হবে।

তাহান নাজিফ জানান, সংসদে পাস হওয়া সংশোধিত আইনগুলো শরিয়াহ নীতি বা সাংবিধানিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে গার্ডিয়ান কাউন্সিল তাদের অনুমোদন দিয়েছে।

গুপ্তচরবৃত্তি আইন: নতুন আইনে বিশেষ করে জায়নবাদী সরকার কিংবা ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা সরকারগুলোর সঙ্গে গুপ্তচরবৃত্তি বা সহযোগিতায় জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

ড্রোন আইন: এই আইনটি দূরনিয়ন্ত্রিত বেসামরিক ড্রোন ব্যবহারের নিরাপত্তা, লাইসেন্স এবং তদারকি কার্যক্রম নিশ্চিত করার জন্য একটি আইনি কাঠামো প্রদান করবে।

 

গার্ডিয়ান কাউন্সিল আরও জানায়, ইসরায়েলের চাপানো সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের সময় এই দুটি আইন সংসদে পাস হয়েছিল। সব আনুষ্ঠানিক ধাপ শেষে এখন এগুলো বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

 

সূত্র: মেহের নিউজ এজেন্সি

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *