সর্বশেষ :
19 Oct 2026, Mon

চাঁদা আদায়ের প্রতিবাদ করায় পুলিশের ওপর হামলা

চাঁদা আদায়ের প্রতিবাদ করায় পুলিশের ওপর হামলা

নরসিংদী: নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা (চাঁদা) তোলার প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) নেতৃত্বে থাকা পুলিশের একটি দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

 

জানা যায়, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরছিলেন। আরশীনগর মোড়ে আসার সময় তিনি দেখতে পান, কতিপয় ব্যক্তি অটোরিকশা ও সিএনজি থেকে অবৈধভাবে টাকা তুলছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন চাঁদা আদায়কারী দুজনকে হাতেনাতে আটক করেন। তাৎক্ষণিকভাবে পেছন থেকে চাঁদা আদায়কারী চক্রের সদস্যসহ ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনকে লক্ষ্য করে আক্রমণ করে। হামলায় তাঁর ঘাড়ে ও পায়ে রক্ত জমে আঘাত লাগে। হামলাকারীরা আটকদের ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় অন্য কোনো পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন নিজেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদা আদায় বন্ধে আমি সোচ্চার থাকায় ক্ষোভ থেকেই শুধু আমার ওপর হামলার ঘটনা ঘটেছে, হামলার ধরন থেকে বুঝতে পেরেছি। এ সময় অন্য কোনো পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফরিদা গুলশানা কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ে ও পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি এবং তাকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছিল।

প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *