দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় চাঁদাবাজির একটি ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মামলার অভিযুক্ত দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের পরিবার। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর শিকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্র নেতা সিদ্দিকুর রহমান।
মিথ্যা মামলার অভিযোগে লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন উদ্দিন খান মাসুম গত ২৭ সেপ্টেম্বর দোহার থানায় আলমগীর শিকদারসহ ১২ জন নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।
সিদ্দিকুর রহমান এই মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, চাঁদাবাজির মামলায় মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলা ও স্ত্রীসহ তাকে আহত করার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। সিদ্দিকুর রহমান দাবি করেন, হামলার কথা যখন বলা হচ্ছে, তখন মাসুম বাড়িতেই ছিলেন না। তিনি জানান, মহসিন উদ্দিন খান মাসুম বর্তমানে যে বাড়িতে থাকেন, সেই বাড়িটি ক্রয় ও পাওয়ারসূত্রে মালিক তাঁর ছোট ভাই আলমগীর শিকদার। এই জমি সংক্রান্ত বিষয়ে মীমাংসার জন্যই গত ২৭ সেপ্টেম্বর আলমগীর শিকদার তাঁর কাগজপত্র নিয়ে মাসুমের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মাসুমের পরিবারের লোকজন আলোচনা না করে আদালতে যেতে বলেন।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই মিথ্যা চাঁদাবাজির মামলাটি প্রত্যাহার করার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দোহার থানার শ্রমিক দলের সহ-সভাপতি মোতালেব খান, বিএনপি নেতা হিরো শিকদার, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দোহার প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

