সর্বশেষ :
8 Nov 2026, Sun

আলীকদমে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক, থানায় হস্তান্তর

আলীকদমে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক, থানায় হস্তান্তর

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাতজন রোহিঙ্গাকে আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে ৫৭ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত ৭ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) ২ নম্বর জিপি গেটসংলগ্ন সড়ক দিয়ে চলাচলের সময় সাতজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত শরণার্থী। প্রায় দুই মাস আগে দালাল চক্রের সহায়তায় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে তারা কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় আশ্রয় নেন। সেখানে তারা কাজের সন্ধানে ছিলেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটক সাতজনের মধ্যে কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার রাত ২টার দিকে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ৫৭ বিজিবি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *