মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ভোর ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তে (৬ নম্বর ওয়ার্ড) এবং দিয়ারপাড়া গ্রামের শুরুতে (৫ নম্বর ওয়ার্ড) বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারটি স্থাপন করা ছিল। গত রাতে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চুরি হওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা যায়নি।
এ বিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরির ফলে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

