মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরে পূজার দর্শনার্থীদের জন্য এবার নজর কাড়ছে ভুট্টা ও সাবুদানা দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা। গত ২০২৫ সালে ধান ও পাটের ঐতিহ্য ছাড়িয়ে নাটোরে এবার শুকনা ভুট্টা ও সাবুদানা দিয়ে তৈরি হয়েছে অভিনব দুর্গাপ্রতিমা। শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর মাত্র এক দিন বাকি। এরই মধ্যে স্থানীয় শস্য ও নিত্যপ্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি এই প্রতিমাগুলো দেখতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দূরদূরান্তের দর্শনার্থীরা।
নাটোর শহরের উত্তর চৌকিরপাড়ের ঐতিহাসিক শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে এবার নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিমাশিল্পী নীলদাস ও পূজা আয়োজক কমিটির তরুণদের যৌথ প্রচেষ্টায় মাটির প্রতিমার ওপর নিখুঁতভাবে বসানো হচ্ছে শুকনা ভুট্টার দানা।
শুধু দুর্গাপ্রতিমাই নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি সিংহ ও অসুরের শরীরও সাজানো হয়েছে ভুট্টার আবরণে। দূর থেকে মনে হবে, সোনালি আলোয় ঝলমল করছে গোটা মণ্ডপ। প্রতিমা তৈরির কাজে অংশ নেওয়া শিল্পীরা জানান, এই প্রতিমা তৈরিতে প্রায় ১০০ কেজি ভুট্টা ব্যবহার করা হয়েছে। প্রতিটি ভুট্টার দানা আলাদাভাবে কেটে আঠা দিয়ে একটির পর একটি বসানো হয়েছে। দিনের পাশাপাশি রাতেও কাজ করে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।
নাটোরের অন্য একটি মন্দিরেও দেখা মিলেছে ভিন্নধর্মী শিল্পকর্মের। সেখানে দুর্গাপ্রতিমার সাজসজ্জায় ব্যবহার করা হচ্ছে সাবুদানা।
প্রতিমার মাটির কাজ শেষ করার পর প্রায় এক মাস ধরে সাবুদানা বসানোর কাজ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পূজা উদযাপন কমিটির সদস্যরা সম্মিলিতভাবে এই কাজ করেছেন। তাঁদের দাবি, প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
এবারের শারদীয় দুর্গোৎসবে নাটোরের এই ব্যতিক্রমী শৈল্পিক সৃষ্টি দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন পূজা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

