সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে পদ্মা নদীতে অভিযান, ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

দোহারে পদ্মা নদীতে অভিযান, ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

দোহার (ঢাকা): মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পদ্মা নদীতে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুতুবপুর নৌ-পুলিশের সদস্যরা।

অভিযানকালে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারী ও স্থানীয় জনগণ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *