সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ব্রিজে লাইটপোস্ট না থাকায় আতঙ্কে পারাপার

পাঁচবিবিতে ব্রিজে লাইটপোস্ট না থাকায় আতঙ্কে পারাপার

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির নবনির্মিত বড়মানিক-মাওড়ীতলা ব্রিজে লাইটপোস্ট না থাকায় রাতের বেলা পুরো ব্রিজটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যেই পারাপার হতে হচ্ছে সাধারণ পথচারীদের। এ বিষয়ে প্রতিকার চেয়ে গতকাল এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপি ইউএনও কার্যালয়, পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলীর কাছেও দেওয়া হয়েছে।

২০২৩ সালে পুরোনো ব্রিজটি ভেঙে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আধুনিক মানের নতুন ব্রিজ নির্মাণ করে। ২০২৬ সালের প্রথম দিকে ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুরোনো ব্রিজে লাইটপোস্ট থাকলেও নতুন ব্রিজে তা পুনঃস্থাপন করা হয়নি। ফলে রাতের আঁধারে ব্রিজটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকায় পথচারীদের আতঙ্কের মধ্যে ব্রিজ পারাপার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এই অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে মাদকসেবীদের উপদ্রব বেড়েছে। পাশাপাশি প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে রাতের বেলা নারী, শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

জনস্বার্থে পথচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বড়মানিক-মাওড়ীতলা ব্রিজে দ্রুত লাইটপোস্ট স্থাপনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *