সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে জলাভূমি ও প্লাবনভূমিতে ২৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত

শ্রীমঙ্গলে জলাভূমি ও প্লাবনভূমিতে ২৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২৬৩ দশমিক ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, বাইক্কা বিল, হাইল হাওর ও তৎসংলগ্ন প্লাবনভূমিতে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরসহ বাইক্কা বিল, হাইল হাওর ও সংলগ্ন প্লাবনভূমিতে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইক্কা বিল ও হাইল হাওরসহ শ্রীমঙ্গলের বিভিন্ন জলাভূমি দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। বর্ষা মৌসুমে এসব জলাভূমি ও প্লাবনভূমি পানিতে ভরে উঠলে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্রও সম্প্রসারিত হয়। এ সময় পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শ্রীমঙ্গলের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে জলাভূমির মৎস্যসম্পদ সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় মানুষের পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *