মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ‘আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না।’ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন সরকারি সহায়তা ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। এ জন্য তিনি দুই বছর সময় চেয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা এবং অসহায়-দরিদ্রদের মাঝে রিকশা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘যারা সাত মাসের মাথায় সরকারকে ফেলে দিতে চায়, টেনে নামাতে চায়, আমার মনে হয় তাদের অন্য রকম পরিকল্পনা আছে। তারা পতিত ফ্যাসিস্টের সঙ্গে মিলে সরকারের উন্নয়নধারাকে ব্যাহত করতে চায়। তাই যারা আজ সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা সুবিধা ভোগ করছেন, তাদের সতর্ক থাকতে হবে। সবাই মিলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি আরও বলেন, মাত্র তো সরকারের পথচলা শুরু হয়েছে। এরই মধ্যে ভৈরব-কুলিয়ারচরে নানা উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। আজ কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং ভৈরবেও অনুরূপ কার্ড বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম প্রমুখ।
সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি কৃষক কার্ডের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দুইজন কৃষকের হাতে প্রতীকী কৃষক কার্ড তুলে দেন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০টি দরিদ্র পরিবারের মাঝে বিদ্যুৎচালিত ১০টি রিকশা বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ও কৃষকদের মাঝে চাবি হস্তান্তর করেন তিনি।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাজরা মাছিমপুর খেলার মাঠে মাছিমপুর ক্রিকেট ক্লাব আয়োজিত নূরুল মিল্লাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রতিমন্ত্রী।
এ ছাড়া তিনি রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিনের বাবার কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে চিকিৎসাধীন রামদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদকে হাসপাতালে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

