সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): ‘মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে আসামিবিহীন অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীনস্থ পাথরেরচর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১০৭৬/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুমারেরচর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এ সময় মদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ভারতীয় মদ দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

