সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মাদক, জুয়া, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী, রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং সদস্য ও সাধারণ জনগণ।
সভায় ওসি কাওসার আলী বলেন, ৬০ জন পুলিশ সদস্যের পক্ষে পুরো থানার মাদকের উৎস ও অপরাধীদের সব তথ্য এককভাবে জানা সম্ভব নয়। স্থানীয় জনগণই পুলিশের চোখ, কান ও হাত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, সীমান্ত দিয়ে কীভাবে ও কার মাধ্যমে মাদক প্রবেশ করে, তা স্থানীয়রাই সবচেয়ে ভালো জানেন। সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত রৌমারী গড়তে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জুয়া, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সভায় স্থানীয় জনগণ নিজ নিজ এলাকায় অপরাধের তথ্য পুলিশকে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

