সর্বশেষ :
19 Oct 2026, Mon

সাতক্ষীরা-খুলনা রুটের লোকাল বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

সাতক্ষীরা-খুলনা রুটের লোকাল বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

তালা (সাতক্ষীরা): তেলের দাম বৃদ্ধির কারণে বাস মালিক সমিতি নির্ধারিত ভাড়া অনুযায়ী কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা নেওয়ার কথা থাকলেও নির্ধারিত ভাড়া উপেক্ষা করে সাতক্ষীরা থেকে খুলনাগামী লোকাল বাসগুলোতে কিলোমিটারপ্রতি ৩ টাকা ৫২ পয়সা পর্যন্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা থেকে তালা উপজেলার নোয়াপাড়া বাজারের দূরত্ব ১৭ কিলোমিটার। নির্ধারিত ভাড়া অনুযায়ী এ পথের ভাড়া হওয়ার কথা ৪০ টাকা ৮০ পয়সা। অথচ যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬০ টাকা। এতে নির্ধারিত ভাড়ার চেয়ে ১৯ টাকা ২০ পয়সা বেশি দিতে হচ্ছে যাত্রীদের।

জেলার অধিকাংশ রুটে বাসভাড়ার তালিকা নির্ধারিত থাকলেও সাতক্ষীরা থেকে খুলনাগামী লোকাল বাসগুলোতে ভাড়ার চার্ট নেই বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ফলে চালক ও বাসের কর্মীরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ তাদের।

তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা হাসেম আলী ও আসাদুজ্জামান রাজু বলেন, সাতক্ষীরা থেকে নোয়াপাড়া বাজার পর্যন্ত নির্ধারিত ভাড়া ৪০ টাকা ৮০ পয়সা হলেও তাদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়েছে। শুধু তাদের কাছ থেকেই নয়, অধিকাংশ যাত্রীর কাছ থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *