সর্বশেষ :
19 Oct 2026, Mon

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিক পুনরুদ্ধারের খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা ঝুঁকির প্রিমিয়াম কিছুটা কমেছে।

এদিকে হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গেলেও সেপ্টেম্বরে তা বেড়ে ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার প্রভাবের কথা উল্লেখ করে বাংলাদেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর নতুন দাম কার্যকর হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *