আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ মৎস্যচাষি, মৎস্য খামারি ও মৎস্যজীবী কমিটির সদস্যরা।
পরে মৎস্যচাষে বিশেষ ভূমিকা রাখায় তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

