বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও শিশুদের একটি পাড়াকেন্দ্র আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুবিচারের আশায় এবং জানমালের নিরাপত্তা চেয়ে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত আবুল হোসেন (প্রকাশ আবুল) স্থানীয় একটি বসতবাড়িতে প্রবেশ করে বাতি ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘরে অবস্থানরত নারীদের বের করে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
পরবর্তীতে একই রাতে আনুমানিক ৩টার দিকে স্থানীয় শিশুশিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি ‘পাড়াকেন্দ্র’ স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আগুনে স্কুলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় বর্তমানে ওই এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিষয়ে সালিশি বৈঠক হলেও তিনি তা অমান্য করে আসছেন। পাশাপাশি বাড়িঘরে আগুন দিয়ে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
বর্তমানে ওই এলাকার বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দীপেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে স্কুল কর্তৃপক্ষের কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে।

